লিটনের শততম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানের পরাজয়ের পর চাপে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে টিকে থাকতে হলে সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের, টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। একই সঙ্গে বাংলাদেশ দলে একটি পরিবর্তনও আনা হয়েছে।
বিজ্ঞাপন
টস শেষে টম ল্যাথাম জানান, তারা আবারও ব্যাটিং করতে চেয়েছেন। তার মতে, উইকেট আগের দিনের তুলনায় কিছুটা আলাদা মনে হলেও ভেতরের অংশ এখনো বেশ শুকনো রয়েছে। এজন্য তিনি আশা করছেন, পিচটি আগের ম্যাচের মতোই আচরণ করবে এবং তাদের ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে।
দলের পারফরম্যান্সে সন্তুষ্টি কি না প্রশ্নে তার কথা, ‘মনে হয় আমাদের লক্ষ্য সবসময় থাকে সামনে যা আছে সেটার সর্বোচ্চটা দিয়ে খেলা। অবশ্যই, সিরিজ জয়ের একটি বড় হাতছানি আছে আমাদের সামনে, কিন্তু আমরা জানি সেই লক্ষ্যে পৌঁছানোর আগে এখনো অনেক চড়াই-উতরাই পার করতে হবে। তাই এই ধরনের পিচের সাথে মানিয়ে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় গত ম্যাচে ছেলেরা দারুণভাবে সেটা করতে পেরেছিল।’ দলে কোনো পরিবর্তন নেই বললেন তিনি, ‘আমরা একই দল নিয়ে খেলছি।’
বিজ্ঞাপন
বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমি মনে করি প্রতিটা সময় সবার জন্যই এটি একটি দারুণ সুযোগ। আমরা প্রথম ম্যাচটি হেরেছি এবং এটি আমাদের জন্য কঠিন ছিল, তবে আমাদের এখনো জেতার বড় সুযোগ রয়েছে। যদি আমরা ভালো খেলি, তবে নিশ্চিতভাবেই আমরা শিখতে পারব। দল হিসেবে আমরা অতীতে খুব ভালো করেছি এবং আমি আত্মবিশ্বাসী কারণ আমাদের পেস বোলিং আক্রমণ খুবই শক্তিশালী।’ দলে একটি পরিবর্তনের কথা জানান তিনি, ‘আমাদের একটি পরিবর্তন আছে। আফিফের পরিবর্তে সৌম্য সরকার খেলছে।’
বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
বিজ্ঞাপন
অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রোর্কে, জেইডেন লেনক্স।








