বিশ্বকাপে মেসির বিপক্ষে ফাইনালে খেলার স্বপ্ন নেইমারের

২০২১ সালের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। সেই ম্যাচে দুই বন্ধু লিওনেল মেসি ও নেইমার ছিলেন আলোচনার কেন্দ্রে। অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে শিরোপা জেতে আর্জেন্টিনা। শিরোপা হাতছাড়া হওয়ায় হতাশায় ভেঙে পড়েছিলেন নেইমার, তবে পরে সতীর্থের মতোই বন্ধুর সাফল্যে পাশে দাঁড়িয়েছিলেন।
বিজ্ঞাপন
সেই স্মৃতি এখনো তাজা, আর নতুন করে আরেকটি স্বপ্ন দেখছেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এই ফরোয়ার্ড—বিশ্বকাপের ফাইনালে আবারও মেসির মুখোমুখি হওয়া।
তবে সেই স্বপ্ন পূরণের আগে বড় চ্যালেঞ্জ তার নিজের ফিটনেস। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন, শতভাগ ফিট না হলে দলে জায়গা পাওয়া কঠিন। ফলে মাঠে নামার প্রতিটি সুযোগই কাজে লাগাতে মরিয়া নেইমার।
বিজ্ঞাপন
সম্প্রতি পেদ্রো বিদেগেইন স্টেডিয়ামে কোপা সুদামেরিকানার ম্যাচে সান্তোস ও সান লরেঞ্জো ১-১ গোলে ড্র করে। পুরো ৯০ মিনিট খেলেন নেইমার এবং দলের একমাত্র গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচ শেষে প্রতিপক্ষ সমর্থকদের কাছ থেকেও দাঁড়িয়ে অভিবাদন পান তিনি।
ম্যাচ শেষে নেইমার বলেন, “খুব ভালো ম্যাচ ছিল, দর্শকদের অভ্যর্থনাও অসাধারণ। সান লরেঞ্জোর সমর্থকদের ধন্যবাদ।”
বিশ্বকাপে খেলার প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রত্যেক ব্রাজিলিয়ান ফুটবলারেরই থাকে। আমিও আশা করি সেখানে থাকতে পারব।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: পিএসজির বিপক্ষে বিব্রতকর রেকর্ড নয়্যারের
শেষে মেসির বিপক্ষে আবার ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে নেইমার ইতিবাচক সাড়া দেন। তার ভাষায়, “অবশ্যই চাই। যদি ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়, সেটা হবে অসাধারণ এক মুহূর্ত।”








