Logo

আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ১৭:২৩
আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা
ছবি: সংগৃহীত

স্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। এ পুরস্কারের দৌড়ে ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলেছেন নাহিদ।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন এই ডানহাতি গতিতারকা। পুরো সিরিজে তার বোলিং গড় ছিল ১৬ দশমিক ৭৫ এবং ইকোনমি রেট ছিল ৪ দশমিক ৪৬। সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

বিজ্ঞাপন

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাসসেরা হওয়া তার জন্য দারুণ অনুভূতির। তিনি সতীর্থদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চান।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৫ রান খরচ করে একটি উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান নাহিদ। মিরপুরে ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। পরে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আরও দুটি উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ রানা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD