সাতক্ষীরায় জমকালো আয়োজনে শুরু এসপিএল ক্রিকেট

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাদপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় আসর। বর্ণাঢ্য আয়োজন ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে বৃহস্পতিবার (১৪ মে) ঐতিহ্যবাহী সাদপুর মাঠে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কৃষ্ণনগর ক্রিকেট একাদশ ও নলতা এস এম এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান বাপ্পি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের সদস্য ডা. মো. আব্দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদপুর ক্রীড়া পরিষদের মো. শরিফুল হাসান।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুম হোসেন ও আব্দুস সামাদ। টসে জিতে নলতা এস এম এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভারে দলটি ২০০ রান সংগ্রহ করে। জবাবে কৃষ্ণনগর ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায়। ফলে বড় ব্যবধানে জয় তুলে নেয় নলতা এস এম এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ।
বিজ্ঞাপন
উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা নির্বাচিত হন নলতা এস এম এন্টারপ্রাইজের খেলোয়াড় নিশীথ। তিনি বল হাতে ২৭ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩০ বলে ৫৪ রান করেন।
খেলার ধারাভাষ্যে ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবের আমেজ।
আগামীকালের ম্যাচে অংশ নেবে সানজানা ক্রিকেট একাডেমি, শ্যামনগর এবং ভাই ভাই ক্রিকেট একাদশ, সাদপুর।
বিজ্ঞাপন








