Logo

বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে ৩ পরিবর্তন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ জুন, ২০২৬, ১২:৫০
বাংলাদেশ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে ৩ পরিবর্তন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ঠিক আগের দিন দলে তিনটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। আগামীকাল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

বিজ্ঞাপন

ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফর থেকে ছুটি নিয়েছেন ওপেনার ট্রাভিস হেড। অন্যদিকে গোড়ালির চোট পুরোপুরি না সারায় ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক মিচেল মার্শ। এছাড়া পাকিস্তান সফরে পাওয়া হ্যামস্ট্রিং চোটের কারণে দলে নেই লেগ স্পিনার তানভীর সাংঘা।

এই তিনজনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ম্যাট শর্ট, অলি পিক এবং অফ স্পিনার টড মারফিকে। সাদা বলের আন্তর্জাতিক দলে এটিই টড মারফির প্রথম ডাক।

বিজ্ঞাপন

আইপিএল শেষ করার পরও বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন ট্রাভিস হেড। তবে কাজের চাপ বিবেচনায় নিয়ে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। টি-টোয়েন্টি দলে তার পরিবর্তে কাকে নেওয়া হবে, সে বিষয়ে পরে জানানো হবে।

আইপিএলের সময় পাওয়া গোড়ালির চোটের কারণে পাকিস্তান সফরেও খেলতে পারেননি মিচেল মার্শ। আশা করা হয়েছিল বাংলাদেশ সফরে তিনি ফিরবেন। তবে চোট পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না তিনি। ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে ফিট হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

মার্শ ও হেডের অনুপস্থিতিতে পাকিস্তান সফরের মতো বাংলাদেশ সফরেও ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। মার্শ টি-টোয়েন্টি সিরিজের আগেও সুস্থ না হলে সেই ফরম্যাটেও নেতৃত্বে থাকতে পারেন তিনি।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল :

জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল :

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপে, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD