Logo

আনচেলত্তির পর গার্দিওলাও ফেরালেন ইতালির কোচ হওয়ার প্রস্তাব!

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ জুলাই, ২০২৬, ১৫:৫৫
আনচেলত্তির পর গার্দিওলাও ফেরালেন ইতালির কোচ হওয়ার প্রস্তাব!
ছবি: সংগৃহীত

ইতালি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নির্বাচনের দৌড়ে শুরুতে সবচেয়ে এগিয়ে ছিলেন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির সাবেক সফল কোচ পেপ গার্দিওলা। যদিও সম্ভাব্য প্রার্থীর তালিকায় আরও কয়েকজনের নামও ছিল। এর আগে ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও ইতালির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি। তবে হেভিওয়েট দুই কোচই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশনের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মালদিনি প্রায় দুই সপ্তাহ আগে আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেন। ওই সময় বিশ্বকাপের শেষ ষোলো পর্বে নরওয়ের কাছে হেরে ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। সেই প্রেক্ষাপটে আনচেলত্তিকে ইতালির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মালদিনি বলেন, ‘উচ্চাভিলাষী প্রকল্প’–এর অংশ হিসেবে বিশ্বের সেরা কোচদের দিয়ে ইতালি খোঁজ শুরু করেছে। দুই কোচের সামগ্রিক প্রাপ্যতা যাচাই করা হচ্ছে। গার্দিওলার বিষয়টি আমরা এখনই নিশ্চিত করতে পারছি না। আপনারা আমাদের একটি লক্ষ্য ঠিকই চিহ্নিত করেছেন, তবে আমরা আনচেলত্তির সঙ্গেও কথা বলেছি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কার্লো আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল ফুটবল কনফেডারেশন তার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তি সম্পন্ন করে। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরও আনচেলত্তি কিংবা ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ—কেউই অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেয়নি। সে কারণে মালদিনির বক্তব্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিস্মিত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ‘গ্লোবো’।

এদিকে, ইতালির সংবাদমাধ্যম ‘গ্যাজেটা দেল্লো স্পোর্ত’ জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে ইতালির কোচ হওয়ার প্রস্তাবে সম্মতি দেননি স্প্যানিশ কিংবদন্তি পেপ গার্দিওলাও। তবে তার প্রতি আগ্রহ ও যোগাযোগ করায় মালদিনিকে ধন্যবাদ ও সম্মানিতবোধ করার কথা জানিয়েছেন। একইসঙ্গে কোচ হওয়ার আলাপ চালিয়ে যেতেও আগ্রহ দেখাননি গার্দিওলা।

গণমাধ্যমটির তথ্যমতে, মালদিনিকে পাঠানো গার্দিওলার বার্তায় ছিল– ‘ধন্যবাদ, নিজেকে সম্মানিত মনে করছি। কিন্তু এই মুহূর্তে আমি প্রস্তাবটি গ্রহণে স্বাচ্ছন্দ্যবোধ করছি না।’ এর আগে কোনো জাতীয় দলের কোচিং না করালেও অতীত সংযোগ থাকায় গার্দিওলাকে নিয়ে কিছুটা উচ্চাশা ছিল ইতালির। খেলোয়াড়ী জীবনে স্প্যানিশ এই কিংবদন্তি ২০০১-০৩ পর্যন্ত ইতালিয়ান ক্লাবে খেলার সুবাদে তাদের ভাষা জানেন।

বিজ্ঞাপন

এর আগে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগোও গার্দিওলাকে দায়িত্বে আনতে বেতনের নির্ধারিত সীমা শিথিল করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ‘আর্থিক ব্যতিক্রম (চাহিদা অনুসারে পারিশ্রমিক প্রদান) করা হয়েছে, যা এই মুহূর্তে প্রভাবশালী নাম পেপ গার্দিওলার ক্ষেত্রে হতে পারে। ব্যতিক্রমগুলো সুস্পষ্ট কারণে করা হচ্ছে, যা ব্যাখ্যা করার জন্য আমি এখানে আসিনি, আবার এই বিষয়টি যে সম্পন্ন হবে তাও নিশ্চিত নয়।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD