Logo

ব্রাজিল দলে ডিফেন্ডারের বদলে মিডফিল্ডার কেন?

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ জুন, ২০২৬, ১৫:৪৪
ব্রাজিল দলে ডিফেন্ডারের বদলে মিডফিল্ডার কেন?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। তবে সেই ম্যাচেই বড় ধাক্কা খায় সেলেসাওরা। মিসরের বিপক্ষে খেলতে গিয়ে চোটে পড়েন রাইট ব্যাক ওয়েসলি। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যে স্বপ্ন তিনি দেখছিলেন, তা ভেঙে যায়। তবে তার পরিবর্তে নতুন কোনো ডিফেন্ডারকে দলে না নিয়ে মিডফিল্ডার এডারসনকে অন্তর্ভুক্ত করে সবাইকে চমকে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

বিজ্ঞাপন

প্রথম দেখায় সিদ্ধান্তটি বিস্ময়কর মনে হলেও এর পেছনে রয়েছে সুস্পষ্ট কৌশলগত পরিকল্পনা। ওয়েসলির অনুপস্থিতিতে তার জায়গায় খেলতে পারেন দানিলো কিংবা রজার ইবানেজ। দুজনের খেলার ধরন ওয়েসলির চেয়ে ভিন্ন। তারা সাধারণত ডান প্রান্ত ধরে দ্রুত ওপরে উঠে আক্রমণে অংশ নেন না কিংবা প্রতিপক্ষের পেনাল্টি বক্সের আশপাশে খুব বেশি দেখা যায় না। কাকতালীয়ভাবে দুজনই নিজ নিজ ক্লাবে মূলত সেন্টার ব্যাক হিসেবে খেলেন।

ইবানেজকে ফুল ব্যাক হিসেবে ব্যবহার করা হলে তিনি রক্ষণভাগকে আরও শক্তিশালী করেন এবং পেছন থেকে আক্রমণ গড়ে তুলতে সহায়তা করেন। তবে আক্রমণাত্মক ভূমিকায় তাকে খুব কমই দেখা যায়। এর আগে মার্চ মাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও একই ধরনের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল তাকে।

বিজ্ঞাপন

অন্যদিকে দানিলো বল দখলে রাখার সময় প্রায়ই পেছনে নেমে তিন সদস্যের রক্ষণ গঠনে সহায়তা করেন। যদিও গত কয়েক বছরে ফুল ব্যাক হিসেবে খেলার কারণে তিনি ইবানেজের তুলনায় কিছুটা বেশি আক্রমণভাগে ওঠেন। ফলে ওয়েসলির জায়গায় এই দুই ডিফেন্ডারের যেকোনো একজনকে রাইট ব্যাকের দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে।

এ কারণেই নতুন করে আরেকজন রাইট ব্যাককে দলে নেওয়ার প্রয়োজন অনুভব করেননি আনচেলত্তি। তাছাড়া ব্রাজিল দলে মার্কিনিয়োস কিংবা গ্যাব্রিয়েল মাগালহায়েসের মতো অভিজ্ঞ সেন্ট্রাল ডিফেন্ডার রয়েছেন, যারা প্রয়োজনে ডান প্রান্তে সরে গিয়ে রাইট ব্যাকের ভূমিকাও পালন করতে সক্ষম। প্রয়োজন হলে দল তিন ডিফেন্ডারের রক্ষণভাগ নিয়েও মাঠে নামতে পারে।

মূলত রক্ষণভাগে পর্যাপ্ত অভিজ্ঞ ও বহুমুখী খেলোয়াড় থাকায় অতিরিক্ত ডিফেন্ডার নেওয়ার প্রয়োজন দেখেননি ব্রাজিল কোচ। বরং তিনি মনে করেছেন, মাঝমাঠকে আরও শক্তিশালী করা দলের জন্য বেশি কার্যকর হবে।

বিজ্ঞাপন

এদিকে ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলা ২৬ বছর বয়সী মিডফিল্ডার এডারসন বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন। তিনি যেমন মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ ভাঙতে দক্ষ, তেমনি আক্রমণ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ট্যাকল, বল দখল, পাসিং এবং বক্স-টু-বক্স দৌড়—সব মিলিয়ে তিনি একজন পূর্ণাঙ্গ মিডফিল্ডার।

এডারসনের এই বহুমুখী সামর্থ্য আনচেলত্তির কৌশলগত পরিকল্পনার সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে যায়। বিশেষ করে বড় টুর্নামেন্ট কিংবা নকআউট পর্বের ম্যাচগুলোতে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় এডারসনের অন্তর্ভুক্তি ব্রাজিলের মিডফিল্ডকে আরও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী করেছে।

বিজ্ঞাপন

সবকিছু বিবেচনায় বলা যায়, ওয়েসলির চোট ব্রাজিলের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। তবে তার পরিবর্তে এডারসনের অন্তর্ভুক্তি দলকে নতুন একটি কৌশলগত সুবিধা এনে দিয়েছে। ফলে এক অর্থে ওয়েসলিকে হারিয়ে ব্রাজিলের জন্য সেটি শাপে বর হয়ে দাঁড়িয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD