বিশ্বকাপ শুরুর আগে নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা এনে দিয়েছেন দলের অন্যতম ভরসার নাম নেইমার। পায়ের পেশির চোটে ভোগা এই তারকা ফরোয়ার্ডের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। সর্বশেষ মেডিকেল পরীক্ষার ফলও আশাব্যঞ্জক হওয়ায় তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ব্রাজিলের সমর্থকরা।
বিজ্ঞাপন
ইনজুরির কারণে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে পানামা ও মিসরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি নেইমার। গত মাসে তার চোটের মাত্রা নির্ণয়ে করা স্ক্যানে পায়ের কাফ মাসলে গ্রেড-টু ধরনের ছিঁড়ে যাওয়ার সমস্যা ধরা পড়ে। এ কারণে তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় এবং বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
সোমবার (৮জুন) করা সর্বশেষ স্ক্যানে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার ফলাফল প্রত্যাশিত পর্যায়ে রয়েছে এবং নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। জাতীয় দলের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে তিনি আরোগ্য ও ফিটনেস ফিরে পাওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
বিশ্বকাপের প্রথম ম্যাচে আগামী ১৩ জুন মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নেইমারকে পুরোপুরি ফিট করে তোলার চেষ্টা চলছে। যদিও তার খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, তবু সর্বশেষ মেডিকেল রিপোর্ট ব্রাজিল সমর্থকদের জন্য আশাব্যঞ্জক বার্তা নিয়ে এসেছে।
উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের মালিক নেইমার। দীর্ঘদিন ধরেই তিনি দলের আক্রমণভাগের মূল ভরসা। তাই তার দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং মাঠে ফেরা বিশ্বকাপে ব্রাজিলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
বিজ্ঞাপন








