নাটকীয় জয়ের পর বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলেও স্বস্তিতে নেই ব্রাজিল। নাটকীয় এই জয়ের পর দলের দুই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকুয়েতা ও ক্যাসেমিরোর চোট নতুন উদ্বেগ তৈরি করেছে সেলেসাও শিবিরে।
বিজ্ঞাপন
জাপানের বিপক্ষে ম্যাচে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয় নিশ্চিত হওয়ার পর পুরো দল উচ্ছ্বাসে মেতে উঠলেও চোটের কারণে দুই তারকার অবস্থা নজর কেড়েছে।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অস্বস্তিতে পড়েন আক্রমণাত্মক মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। পরে তার পরিবর্তে মাঠে নামানো হয় এন্ড্রিককে।
বিজ্ঞাপন
অন্যদিকে ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সমতাসূচক গোল করা ক্যাসেমিরো। প্রাথমিক চিকিৎসার পরও তিনি খেলা চালিয়ে যেতে না পারায় তার জায়গায় নামেন ফ্যাবিনিও।
তবে ম্যাচ শেষে দলের সঙ্গে উদযাপনে অংশ নিতে দেখা গেছে ক্যাসেমিরোকে। কিন্তু পাকুয়েতার অবস্থা নিয়ে শঙ্কা রয়ে গেছে। ম্যাচ চলাকালে তাকে ডাগআউটে পায়ে বরফের প্যাক লাগিয়ে বসে থাকতে দেখা যায়। তার মুখেও উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট।
জাপানকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল আগামী ৫ জুলাই নিউ জার্সিতে আইভরিকোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে পাকুয়েতা ও ক্যাসেমিরোর চোট কতটা গুরুতর, সেটিই এখন ব্রাজিল দলের সবচেয়ে বড় চিন্তার বিষয়।
বিজ্ঞাপন
তাদের শারীরিক অবস্থা সম্পর্কে ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।








