Logo

‘আসল লড়াই এখনই’, কেপ ভার্দে ম্যাচের আগে স্কালোনির বার্তা

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুন, ২০২৬, ২১:১১
‘আসল লড়াই এখনই’, কেপ ভার্দে ম্যাচের আগে স্কালোনির বার্তা
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্ব শুরুর আগে দলের ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তার ভাষায়, বিশ্বকাপের প্রকৃত লড়াই এখন থেকেই শুরু।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে অপরাজিত থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আলবিসেলেস্তেরা। স্কালোনির মতে, প্রথম পর্বের লক্ষ্য ছিল পরের ধাপে ওঠা, খেলোয়াড়দের ফিট রাখা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে যাওয়া। কিন্তু নকআউটে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

স্কালোনি বলেন, ‘আমরা ভালো অবস্থানে আছি, তবে এখন বিশ্বকাপের সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। আসল লড়াই তো এখনই! নক-আউটে ভুল শুধরে নেওয়ার জন্য পরের কোনো ম্যাচ আর পাওয়া যাবে না। প্রতিটি ম্যাচই এখন আমাদের জন্য একেকটি ফাইনাল।’

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে বেঞ্চের খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দিলেও, নক-আউটে স্কালোনি আর কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছেন না। কেপ ভার্দের বিপক্ষে পূর্ণ শক্তির সেরা একাদশই মাঠে নামাবেন তিনি। তবে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ান রোমেরোর খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। ইনজুরি কাটিয়ে আজ দলের সাথে হালকা অনুশীলন করলেও শুক্রবারের ম্যাচে তিনি শুরু থেকে খেলবেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নয় মেডিকেল টিম।

এদিকে আক্রমণভাগে স্কালোনির সামনে রয়েছে সুখকর এক দুশ্চিন্তা। অধিনায়ক লিওনেল মেসি নিজের স্বাভাবিক ছন্দে থাকলেও মূল স্ট্রাইকার হিসেবে কাকে খেলানো হবে, তা নিয়ে ভাবনায় কোচ। দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্তিনেস নাকি তরুণ হুলিয়ান আলভারেস—কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকেই কার ওপর আস্থা রাখবেন, সেটিই এখন বড় প্রশ্ন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD