হালান্ডের গোলে আইভরি কোস্টের বিদায়, ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ম্যাচের শেষ মুহূর্তে আর্লিং হালান্ডের জয়সূচক গোলে জয় তুলে নেয় ইউরোপের দলটি। এই জয়ের ফলে শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আইভরি কোস্ট। প্রথমার্ধের প্রায় ৩০ মিনিট পর্যন্ত তারাই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল। কয়েকটি ভালো সুযোগও তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি আফ্রিকার দলটি।
এর সুযোগ নিয়ে প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের দারুণ বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বিরতির আগে আর্লিং হালান্ড ও আলেকজান্ডার সোরলথ ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও সফল হননি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নরওয়ে।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচে নতুন প্রাণ ফেরান আমাদু দিয়ালো। প্রথমে নিশ্চিত গোললাইন থেকে বল ক্লিয়ার করে নরওয়ের দ্বিতীয় গোল ঠেকান। এরপর আক্রমণে উঠে পেপের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই দলের ত্রাতা হয়ে ওঠেন হালান্ড। নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে অস্কার ববের পাস থেকে বার্গের নিচু ক্রস ধরে নেওয়া হালান্ডের শট পুরোপুরি নিখুঁত না হলেও বল গড়িয়ে জালে ঢুকে যায়। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে।
আরও পড়ুন: নাটকীয় জয়ের পর বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
বিজ্ঞাপন
এই পরাজয়ের মধ্য দিয়ে আইভরি কোস্টের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। তবে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠার সাফল্য নিয়েই দেশে ফিরছে আফ্রিকার প্রতিনিধিরা।
অন্যদিকে, শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় নরওয়ে। শক্তিশালী সেলেসাওদের বিপক্ষে জয় তুলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।








