বিশ্বকাপে সত্যি হলো ম্যারাডোনার বহু বছর আগের ভবিষ্যদ্বাণী

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা শুধু মাঠের অসাধারণ নৈপুণ্যের জন্যই নয়, নানা সময়ে করা স্পষ্টভাষী মন্তব্যের কারণেও আলোচিত ছিলেন। তার কিছু বক্তব্য সময়ের সঙ্গে এমনভাবে মিলে গেছে যে, নতুন করে সেগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। বর্তমান বিশ্বকাপে ‘হাইড্রেশন ব্রেক’-এর সময় বিজ্ঞাপন প্রচারের বিষয়টি আবারও সামনে এনে দিয়েছে ২০১৮ সালে করা ম্যারাডোনার একটি মন্তব্য।
বিজ্ঞাপন
২০১৮ সালে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে ফুটবলের ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি। সে সময় তিনি বলেন, ফুটবলের ঐতিহ্য ও খেলার স্বাভাবিক ধারাকে বদলে দিয়ে বিজ্ঞাপনকেন্দ্রিক করার প্রবণতা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
ম্যারাডোনা স্মরণ করিয়ে দিয়েছিলেন ১৯৯৪ সালের বিশ্বকাপের আগের একটি প্রস্তাবের কথা। সে সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ম্যাচকে ২৫ মিনিট করে চারটি কোয়ার্টারে ভাগ করার ধারণা সামনে আনা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল খেলার বিরতিতে আরও বেশি বিজ্ঞাপন সম্প্রচারের সুযোগ তৈরি করা।
বিজ্ঞাপন
সে প্রসঙ্গে ম্যারাডোনা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল বিজ্ঞাপনের সুবিধার্থে ফুটবল ম্যাচকে চারটি পৃথক পর্বে ভাগ করা। যদিও শেষ পর্যন্ত সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি, তবে বর্তমান বিশ্বকাপে ‘হাইড্রেশন ব্রেক’-এর সময় বিজ্ঞাপন সম্প্রচার হওয়ায় অনেকেই মনে করছেন, ম্যারাডোনার আশঙ্কার প্রতিফলনই যেন দেখা যাচ্ছে।
যদিও এখনো ফুটবল ম্যাচ চারটি কোয়ার্টারে বিভক্ত করা হয়নি, তবু নির্ধারিত বিরতির সময় বাণিজ্যিক বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি ফুটবলের ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক ফুটবলপ্রেমী ম্যারাডোনার পুরোনো বক্তব্য তুলে ধরে বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
এদিকে ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাম ঘোষণার পরও ম্যারাডোনা বিতর্কিত মন্তব্য করেছিলেন। বিশেষ করে মেক্সিকোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছিলেন, দেশটি এমন বড় আসরের আয়োজনের যোগ্য নয়।
বিজ্ঞাপন
১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মন্তব্য করেছিলেন, বড় দলগুলোর মুখোমুখি হলেই মেক্সিকো সাধারণত টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তার মতে, বিশ্বকাপে ধারাবাহিক সাফল্যের জন্য যে মানসিক দৃঢ়তা দরকার, সেটির ঘাটতি রয়েছে দলটির মধ্যে।
একই সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডার ফুটবল সংস্কৃতি নিয়েও কটাক্ষ করেছিলেন ম্যারাডোনা। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রে ফুটবল নিয়ে প্রকৃত আবেগের অভাব রয়েছে। আর কানাডা সম্পর্কে তার মন্তব্য ছিল, দেশটি ফুটবলের চেয়ে শীতকালীন খেলাধুলায় বেশি দক্ষ; বিশেষ করে স্কিইংয়েই তাদের সাফল্য বেশি।
বিজ্ঞাপন
ম্যারাডোনার এসব মন্তব্য সে সময় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। তবে বর্তমান বিশ্বকাপে বিজ্ঞাপন সম্প্রচারের নতুন ধারা সামনে আসার পর তার ২০১৮ সালের মন্তব্য আবারও আলোচনায় উঠে এসেছে। অনেকের মতে, ফুটবলের বাণিজ্যিক রূপান্তর নিয়ে যে সতর্কবার্তা তিনি দিয়েছিলেন, সময়ের সঙ্গে তার কিছু অংশ বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।








