সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা রোনালদোর

বিশ্বকাপ শুরুর আগে নিজের ভবিষ্যৎ নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেছিলেন, ‘আমার বয়স তখন হবে ৪১। এটি নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা, টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার বিরল কীর্তি এবং ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা—সব মিলিয়ে রোনালদোর অর্জনের তালিকা প্রায় পূর্ণ। তবে একটি ট্রফি এখনো অধরা, সেটি হলো বিশ্বকাপ। তাই এবারের বিশ্বকাপে পর্তুগালকে অনেকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বিবেচনা করেছিলেন।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সে দাবি যেন কিছুটা ফ্যাকাসে হয়ে গেছে। তবে একজন রোনালদো আছেন বলেই হয়তো আশা ছাড়ছেন না পর্তুগিজ সমর্থকরা। বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশের ম্যাচে শুক্রবার ভোরে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। যে দল হারবে তারা ছিটকে যাবে শিরোপার রেস থেকে। কী নিদারুণ নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে তারা। দুই কিংবদন্তি রোনালদো এবং লুকা মদ্রিচ একে অপরের মুখোমুখি হচ্ছেন। হয়তো নিজেদের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচটাও খেলে ফেলবেন এদিন।
বিজ্ঞাপন
এদিকে, মহারণে নামার আগে পাঁচ শব্দে সমর্থকদের বিশেষ বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে পর্তুগিজ সমর্থকদের কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে কয়েক শব্দ জুড়ে দিয়েছেন, “মেক আস ফিল অ্যাট হোম।” যার বাংলা অর্থ দাঁড়ায়, “যেন মনে হয় আমরা ঘরের মাঠে খেলছি।”
এই পোস্ট থেকে স্পষ্ট, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের সমর্থকদের মাঠে এসে সমর্থনের আহ্বান করেছেন তিনি। যে কোনও খেলায় সমর্থন খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে দলগত খেলায় এমন কিছু মুহূর্ত আসে, যখন সমর্থকরা খেলোয়াড়দের তাঁতিয়ে দেন। সমর্থকদের সরব উপস্থিতি ফুটবলারদের আরও ভালো খেলতে উৎসাহিত করে। সেই উৎসাহটাই হয়তো চাচ্ছেন রোনালদো।
বিজ্ঞাপন
বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালকে ফেবারিটের তালিকায় দেখা হচ্ছিল। কিন্তু গ্রুপপর্বেই যেন বাস্তবতা টের পেল তারা। রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্সও প্রত্যাশা অনুযায়ী হয়নি। কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে তিনি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। উজবেকিস্তানের বিপক্ষে দুটি গোল করলেও আগের সেই ক্ষুরধার রোনালদোকে যেন দেখা যায়নি। গতি কমেছে, সহজ কিছু সুযোগও হাতছাড়া করেছেন তিনি। তবু নকআউট পর্বের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ এই তারকার দিকেই তাকিয়ে আছে পর্তুগাল। আর রোনালদো নিজের দলের সাফল্যের জন্য ভরসা রাখছেন সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের ওপর।








