আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পেলেন সেই বিতর্কিত রেফারি

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কানাডিয়ান রেফারি ড্রিউ ফিশার। তবে ম্যাচের আগে তাকে ঘিরে অতীতের একটি বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
ক্যালগারিতে জন্ম নেওয়া ফিশার উত্তর আমেরিকার ফুটবলে পরিচিত মুখ। তিনি নিয়মিত মেজর লিগ সকার (এমএলএস) পরিচালনা করেন এবং এখন পর্যন্ত ২২৯টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন।
আরও পড়ুন: সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা রোনালদোর
ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির প্রথম লিগ শিরোপা জয়ের ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন ফিশার। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-২ গোলের সেই জয়ে শিরোপা নিশ্চিত করেছিল মায়ামি।
বিজ্ঞাপন
তবে ২০২৩ সালে কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে মেক্সিকো ও হন্ডুরাসের ম্যাচে ভিএআর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বিতর্কে জড়ান তিনি। অভিযোগ ওঠে, অতিরিক্ত সময় বাড়ানোর বিষয়ে তার পরামর্শ মেক্সিকোর পক্ষে প্রভাব ফেলেছিল। পরে স্টপেজ টাইমে মেক্সিকো সমতা ফেরায় এবং টাইব্রেকারে জয় নিশ্চিত করে। যদিও কয়েক দিন পর বিষয়টি আর আলোচনায় থাকেনি।
আর্জেন্টিনার ম্যাচে এর আগে একবারই দায়িত্ব পালন করেছিলেন ফিশার। ২০২৪ সালের কোপা আমেরিকার আগে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়েছিল লিওনেল স্কালোনির দল। পরে সেই বছরই কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা।
চলমান বিশ্বকাপে এটি ফিশারের প্রথম আসর, যেখানে মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে তিনি ইরাক-ফ্রান্স এবং ক্রোয়েশিয়া-ঘানা ম্যাচ পরিচালনা করেছেন। দুটি ম্যাচেই জয় পেয়েছে ইউরোপীয় দল।
বিজ্ঞাপন
এ ছাড়া গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও দুটি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে ছিল প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে বোটাফোগোর চমকপ্রদ জয় এবং উইদাদের বিপক্ষে আল আইনের জয়ের ম্যাচ।








