মেসিকে লেখা শিশুর চিঠিতে বদলে গেল জীবনের গল্প

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে লেখা এক আবেগঘন চিঠি বদলে দিল ৮ বছর বয়সী এক শিশুর জীবনের গল্প। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই চিঠির সুবাদে এবার যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ দেখার সুযোগ পাচ্ছে ছোট্ট ভক্ত মানু লিটউই।
বিজ্ঞাপন
আর্জেন্টিনোস জুনিয়র্সের বয়সভিত্তিক দলে খেলা মানুর স্বপ্ন ছিল একদিন স্টেডিয়ামে বসে নিজের প্রিয় ফুটবলার মেসির খেলা দেখা। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের এক বাণিজ্যিক অংশীদার ও দেশটির একটি পরিচিত ব্র্যান্ড। তারা মানু ও তার পরিবারের জন্য যুক্তরাষ্ট্র সফরের সব আয়োজন করেছে।
ঘটনার সূত্রপাত আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘সেরিয়া ইনক্রেদিবল’-এ। সেখানে উপস্থিত হয়ে মানু নিজের হাতে লেখা একটি চিঠি সবার সামনে পড়ে শোনায়। চিঠিতে সে জানায়, মেসির জন্মদিনে নিজের অনুভূতির কথা না জানিয়ে থাকতে পারেনি।
বিজ্ঞাপন
চিঠিতে শিশুটি লিখেছিল, ‘প্রিয় লিও, আজ তোমার জন্মদিন। তাই তোমাকে এই চিঠি লিখেছি। আশা করি কোনো একদিন এটি তোমার হাতে পৌঁছাবে। তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা তোমাকে জানাতেই এই লেখা।’
মানু শুধু মেসির ফুটবল নৈপুণ্যের প্রশংসাই করেনি, বরং তার ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলীর কথাও তুলে ধরেছে। তার ভাষায়, মাঠে মেসিকে দেখলে মনে হয় বল আর খেলোয়াড় যেন এক হয়ে গেছে। কিন্তু তার কাছে সবচেয়ে বড় বিষয় হলো, মেসি কখনও সতীর্থদের ছেড়ে যান না, কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়েন না এবং সবসময় দলকে সাহায্য করেন।
এই আবেগঘন বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ শিশুটির আন্তরিক ভালোবাসার প্রশংসা করেন। এরপরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
বিজ্ঞাপন
এরপর মানুর উদ্দেশে আরেকটি চিঠি পাঠানো হয়, যেখানে জানানো হয়—এবার শুধু স্বপ্ন দেখাই নয়, সেই স্বপ্ন পূরণেও পাশে থাকবে তারা। চিঠিতে বলা হয়, মানু ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ সরাসরি দেখার ব্যবস্থা করা হবে।
মানুও নিজের ভবিষ্যতের স্বপ্নের কথা সেই চিঠিতে তুলে ধরেছে। সে জানায়, আর্জেন্টিনোস জুনিয়র্সে খেললেও একদিন পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্য তার। প্রতিদিন ঘুমানোর আগে সে নিজেকে বড় ফুটবলার হিসেবে কল্পনা করে এবং সেই স্বপ্নের অনুপ্রেরণার কেন্দ্রে থাকেন মেসি।
বিজ্ঞাপন
তার ভাষায়, পৃথিবীর সবচেয়ে কঠিন স্বপ্নও বাস্তবে রূপ নিতে পারে—এর সবচেয়ে বড় উদাহরণ লিওনেল মেসি।
সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে গ্যালারিতে বসে আর্জেন্টিনার খেলা দেখবে মানু। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে উপস্থিত থাকার পাশাপাশি তার সঙ্গে মেসির সাক্ষাতের ব্যবস্থাও করা হবে বলে জানা গেছে।
একটি জন্মদিনের শুভেচ্ছাবার্তা থেকে শুরু হওয়া ছোট্ট এক শিশুর আবেগঘন চিঠি শেষ পর্যন্ত তাকে পৌঁছে দিল বহুদিনের লালিত স্বপ্নের একেবারে দোরগোড়ায়।








