Logo

কেপ ভার্দে ম্যাচে আর্জেন্টিনার একাদশে আসতে পারে পরিবর্তন

profile picture
ক্রীড়া ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৬:৩৪
কেপ ভার্দে ম্যাচে আর্জেন্টিনার একাদশে আসতে পারে পরিবর্তন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নির্ভরযোগ্য সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। পূর্ণমাত্রায় অনুশীলনে অংশ নেওয়ায় তাকে আবারও শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দল ঘোষণার আগে কয়েকটি পজিশনে চমক রাখার ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

বিজ্ঞাপন

দলের অনুশীলনে রোমেরো স্বাভাবিকভাবে অংশ নিয়েছেন এবং কোচিং স্টাফের শারীরিক সক্ষমতা পরীক্ষায়ও ইতিবাচক ফল পেয়েছেন। শেষ অনুশীলনের পর তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি তিনি পুরোপুরি ফিট বিবেচিত হন, তাহলে আগের ম্যাচে তার জায়গায় খেলা নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে বসতে হতে পারে।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার কারণে জর্ডানের বিপক্ষে বিশ্রামে ছিলেন রোমেরো। তবে বর্তমানে তিনি প্রায় শতভাগ ফিট হয়ে দলে ফেরার অপেক্ষায় আছেন।

বিজ্ঞাপন

রক্ষণভাগে আরেকটি পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাঁ-প্রান্তের ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোর জায়গায় সুযোগ পেতে পারেন ফাকুন্দো মেদিনা। চোট কাটিয়ে তালিয়াফিকো আগের ম্যাচে খেললেও সাম্প্রতিক সময়ে মেদিনার ধারাবাহিক পারফরম্যান্স তাকে এগিয়ে রেখেছে। সর্বশেষ অনুশীলনে এই দুই খেলোয়াড়কে সমান গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছেন স্কালোনি।

আক্রমণভাগেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে স্ট্রাইকার হিসেবে লাওতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও সমানভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ফলে ম্যাচ শুরুর আগে পর্যন্ত এই পজিশন নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

অন্যদিকে, মধ্যমাঠে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে। রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ এবং থিয়াগো আলমাদাকে নিয়েই মাঝমাঠ সাজানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।

বিজ্ঞাপন

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট। পরবর্তী পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিশর।

সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা (অথবা নিকোলাস তালিয়াফিকো); রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং লাওতারো মার্তিনেজ (অথবা হুলিয়ান আলভারেজ)।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD