Logo

এবার মুখ খুললেন স্কালোনি: কী হয়েছিল ড্রেসিংরুমে, দিলেন উত্তর

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ জুলাই, ২০২৬, ১৭:৫৬
এবার মুখ খুললেন স্কালোনি: কী হয়েছিল ড্রেসিংরুমে, দিলেন উত্তর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আবেগাপ্লুত হয়ে সংবাদ সম্মেলন শেষ করতে পারেননি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে কয়েকদিন পর এবার স্বাভাবিকভাবেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। নিজ শহর পুজাতোতে ফেরার আগে দলের পারফরম্যান্স, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং ফাইনালের আগে ড্রেসিংরুম ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন নিয়ে কথা বলেন এই কোচ।

বিজ্ঞাপন

সাংবাদিকরা স্কালোনির গাড়ির কাছে ভিড় করলে প্রথমেই তাকে ফাইনালের আগে ড্রেসিংরুমে লিওনেল মেসির বক্তব্য এবং দলীয় অস্থিরতার গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব বিষয়ে আমার কোনো ধারণা নেই। আপনারা কী বলছেন, সেটাও জানি না।” তার এই মন্তব্যে বিতর্কের বিষয়টি গুরুত্ব না দেওয়ার ইঙ্গিতই মিলেছে।

দলের ভেতরে কোনো বিভক্তি বা অন্তর্দ্বন্দ্ব ছিল কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি দৃঢ় প্রতিক্রিয়া জানান। গাড়ি থেকে নেমে তিনি বলেন, “আপনারা কী বলছেন, আমি বিশ্বাসই করতে পারছি না। আমরা সম্পূর্ণ ভিন্ন পথে আছি।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খেলোয়াড়দের নিবেদন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, “এই ছেলেরা দেশের জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। আর্জেন্টিনার জার্সির মর্যাদা তারা ধরে রেখেছে। আমাদের সেটাই মনে রাখা উচিত। ভবিষ্যতে জাতীয় দলে যারা আসবে, তাদের জন্যও এটি একটি ইতিবাচক বার্তা।”

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর ‘ফকল্যান্ডস আর্জেন্টাইনদের’ লেখা একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় তিন আর্জেন্টাইন ফুটবলারের ব্রিটিশ ভিসা বাতিল হতে পারে—এমন খবর নিয়েও প্রশ্নের মুখে পড়েন স্কালোনি। তবে এ বিষয়ে তিনি বলেন, “এ ব্যাপারে আমার কিছুই জানা নেই। আমাদের কাউকে কিছু জানানো হয়নি। আপনারা যেমন দেখেছেন, আমিও ঠিক সেভাবেই বিষয়টি দেখেছি।”

জাতীয় দলের দায়িত্ব থেকে আপাতত কিছুদিনের বিরতিতে থাকবেন জানিয়ে স্কালোনি বলেন, এখন পরিবারের সঙ্গে সময় কাটাতেই তার সবচেয়ে বেশি ইচ্ছা। তবে সেপ্টেম্বর থেকে আবারও জাতীয় দলের অনুশীলনে ফিরবেন বলেও নিশ্চিত করেছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD