মেসিকে ১০০ বার ভোট দেওয়ার সুযোগ পেলে প্রতিবারই দেবো: জিদান

৩৯ বছর বয়সেও বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছেও তার পারফরম্যান্স ও প্রভাব এখনো ফুটবলপ্রেমীদের মুগ্ধ করছে। আর্জেন্টাইন মহাতারকার এমন ধারাবাহিকতায় মুগ্ধ ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানও।
বিজ্ঞাপন
সর্বকালের সেরা ফুটবলার বা গোট (Greatest of All Time) নিয়ে জিদানের অবস্থানও বেশ স্পষ্ট। তার চোখে মেসির ওপরে কাউকে রাখা কঠিন। এমনকি ব্যালন ডি’অরে ১০০ বার ভোট দেওয়ার সুযোগ পেলেও প্রতিবারই মেসিকে বেছে নেবেন বলে জানিয়েছেন তিনি।
মেসিকে নিয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে জিদান বলেন, ‘আমি মেসিকে ১০০ বার ভোট দেব।’
চলতি বছরের ব্যালন ডি’অর দৌড়ে মেসির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জিদানের বিস্ময় অন্য জায়গায়। ৩৯ বছর বয়সেও কীভাবে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটিই তার কাছে সবচেয়ে অবিশ্বাস্য বিষয়।
বিজ্ঞাপন
জিদানের ভাষায়, ‘মানুষ সত্যিই বুঝতে পারে না, ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকা কতটা অবিশ্বাস্য।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বয়স বাড়ার সঙ্গে সাধারণত একজন ফুটবলারের গতি, শারীরিক সক্ষমতা ও মাঠের প্রভাব কমে আসে। তবে মেসির ক্ষেত্রে সেই স্বাভাবিক নিয়ম যেন অনেকটাই ব্যতিক্রম। পাসিং, গোল করা, খেলার গতি নিয়ন্ত্রণ এবং সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়ার দক্ষতায় এখনো তিনি নিজেকে আলাদা করে রাখতে পারছেন।
বিজ্ঞাপন
চলতি বছর মেসির পারফরম্যান্সও ব্যালন ডি’অরের আলোচনায় রাখার মতো বলে মনে করেন জিদান। তার মতে, ব্যক্তিগত এই পুরস্কারের দৌড়ে মেসিকে উপেক্ষা করার সুযোগ নেই। এমনকি মেসি ব্যালন ডি’অর জিতলেও সেটিকে বিস্ময়কর কিছু মনে করবেন না তিনি।
‘মেসি যদি পুরস্কারটি (ব্যালন ডি’অর) জেতে, আমি অবাক হব না,’ বলেছেন জিদান।
মেসির প্রভাব নিয়ে আরও জোরালো অবস্থান জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। তার প্রশ্ন, এবারের ব্যালন ডি’অর দৌড়ে সত্যিই কি মেসির চেয়ে বেশি প্রভাব ফেলেছেন অন্য কোনো খেলোয়াড়?
বিজ্ঞাপন
ব্যালন ডি’অর নিয়ে ফুটবলবিশ্বে মতপার্থক্য থাকলেও সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রশ্নে জিদানের অবস্থান দ্বিধাহীন। মেসিকে গোট হিসেবে মানতে যারা এখনো সংশয়ে রয়েছেন, তাদের উদ্দেশেও কড়া মন্তব্য করেছেন তিনি।
জিদান বলেন, ‘এখনো যদি কারও গোট বিতর্ক নিয়ে সন্দেহ থাকে, সত্যি বলতে, সেই ব্যক্তি ফুটবল সমাজেরই অংশ নন।’
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় জিদানের কাছ থেকে মেসির প্রতি এমন সরাসরি সমর্থন তাই বিশেষ তাৎপর্য বহন করছে। নিজে বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি হওয়ায় তার মূল্যায়ন মেসিকে ঘিরে চলমান গোট বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
বিজ্ঞাপন
মেসির বয়স এখন ৩৯। তবে জিদানের বক্তব্যের মূল বিষয় বয়স নয়, বরং মাঠে একজন খেলোয়াড়ের প্রভাব। সেই জায়গায় মেসি এখনো বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন—আর এ কারণেই জিদানের চোখে তিনি ব্যতিক্রমী।








