মেসি-লেভানডভস্কির লড়াইয়ে জমল ম্যাচ, ক্যাসেমিরোর গোলে ড্র মায়ামির

ইউরোপের ফুটবল মাতানো দুই তারকা লিওনেল মেসি ও রবার্ট লেভান্ডফস্কির দল মুখোমুখি হয়েছিল মেজর লিগ সকারে (এমএলএস)। বুধবার রাতে সোলজার ফিল্ডে জমজমাট লড়াই শেষে ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ার ১-১ গোলে ড্র করেছে। ম্যাচে মায়ামির হয়ে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন ক্যাসেমিরো। অন্যদিকে শিকাগোর গোলটি আসে রবার্ট লেভান্ডফস্কির পা থেকে।
বিজ্ঞাপন
শিকাগোর মাঠে ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৯৪ জন দর্শক। সোলজার ফিল্ডে শিকাগো ফায়ারের কোনো ম্যাচে এটিই সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক শিকাগো ফায়ার। দশম মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রবার্ট লেভান্ডফস্কি। এমএলএসে নিজের প্রথম নয় ম্যাচে এটি ছিল পোলিশ ফরোয়ার্ডের ষষ্ঠ গোল। এ গোলে অ্যান্ড্রু গুটম্যান ষষ্ঠ অ্যাসিস্ট এবং রবিন লড চতুর্থ অ্যাসিস্ট করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় শিকাগো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র তিন মিনিটের মধ্যে ফ্রি-কিক থেকে মেসির বাড়ানো বল হেডে জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।
এটি এমএলএসে ক্যাসেমিরোর অষ্টম ম্যাচে তৃতীয় গোল। টানা তিন ম্যাচে হেডে গোল করার কীর্তিও গড়েছেন মায়ামির এই মিডফিল্ডার।
বিজ্ঞাপন
এই অ্যাসিস্টের মাধ্যমে চলতি মৌসুমে লিগে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। এদিকে এবারের মৌসুমে আর্জেন্টাইন তারকার গোলসংখ্যা এখন ১৮।
মেসি আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন। লিগের ইতিহাসে তিনটি ভিন্ন মৌসুমে ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখা প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় ম্যাচ শেষ হয়। পয়েন্ট ভাগাভাগি করেও এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে মেসির দল পিছিয়ে আছে ৯ পয়েন্টে।








