নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি

ব্রাজিলের জার্সিতে নেইমারের অধ্যায় শেষ হওয়ার বিষয়টি এবার স্পষ্ট করলেন কোচ কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা থাকা সত্ত্বেও জাতীয় দলে আর ফিরতে চান না বলে নেইমার নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।
বিজ্ঞাপন
বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ব্রাজিলের হারের পরই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। ব্রাজিলের গ্লোবো টিভিকে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’
২০১০ সালে নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল নেইমারের। একই মাঠে জাতীয় দলকে বিদায় জানানোর পর অনেকের ধারণা ছিল, বিশ্বকাপে না খেললেও হয়তো ব্রাজিলের হয়ে আরও কিছুদিন মাঠে দেখা যেতে পারে তাকে। বিশেষ করে নেইমারের বাবা নেইমার সিনিয়রের বক্তব্যেও সিদ্ধান্ত বদলের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
তবে সেই সম্ভাবনা আর থাকছে না। আনচেলত্তি জানিয়েছেন, নেইমার জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সিএনএন ইস্পোর্টসকে ব্রাজিল কোচ বলেন, ‘যোগ্যতার কারণে সেখানে (২০২৬ বিশ্বকাপে) তার জায়গা প্রাপ্যই ছিল। নেইমার ইতিমধ্যেই নিশ্চিত করেছে জাতীয় দলে ফিরতে চান না আর। নেইমারের রিপ্লেস অসম্ভব, কারণ সে ছিল এক অসাধারণ ও অনন্য প্রতিভার অধিকারী। এক কথায়, তার বিকল্প নেই।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নেইমারের বিদায়ের পর এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোতে চান আনচেলত্তি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দলে তরুণ ফুটবলারদের বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয় আমাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়া দরকার। এই মুহূর্তে এমন তরুণ খেলোয়াড়দের ওপর জোর দিতে হবে যারা আগামীর তারকা—বিশেষ করে ২০০৪, ২০০৫ এবং ২০০৬ সালে জন্মানো খেলোয়াড়রা। এ ছাড়া ২০০৮ সালে জন্মানো বেশ কিছু দারুণ যোগ্যতাসম্পন্ন তরুণ খেলোয়াড় রয়েছে, যারা এখনো খেলছে না, কিন্তু খেলার মতো ক্ষমতা তাদের আছে।’
বিজ্ঞাপন
তরুণদের বয়স ও সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে এখন থেকেই তাদের প্রতি নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান ব্রাজিল কোচ। তাঁর ভাষায়, ‘এটা সত্যি একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও চমৎকার খেলতে পারেন, তবে এখন তরুণদের প্রাধান্য দেওয়ার সময় এসেছে।’








