ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে মাঠেই আসেনি চীন

এশিয়ান গেমসের উদ্বোধনী দিনেই অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চীনের অনুরোধে শনিবার সকালে একটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে গেলেও নির্ধারিত সময়ে চীনের নারী দল সেখানে উপস্থিত হয়নি।
বিজ্ঞাপন
সকাল ৯টায় ম্যাচটি হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলাদেশ দল সাড়ে ৭টার দিকে মাঠে পৌঁছে যায়। পরে কিউরেটরের কাছ থেকে তারা জানতে পারে ম্যাচটি হচ্ছে না। কিছুক্ষণ পর নিশ্চিত হয়, চীনের দল মাঠে আসবে না।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে– “খেলা হবে না।” কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি।’
চীনের আগ্রহেই বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তিনি বলেন, ‘ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হই। সব কিছু সম্পন্ন করে এখন তারা আসেনি, এটি আমি ওসিএকে জানিয়েছি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে শেষ মুহূর্তে চীন কেন মাঠে আসেনি, সে বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইমরোজ আহমেদ অবশ্য ধারণা করছেন, ম্যাচের ধরন নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।
তার ভাষ্য, ‘তারা পুনরায় আনুষ্ঠানিক ম্যাচ চেয়েছিল। সেটাতে আমরা রাজি হইনি। আমরা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছি তাদের অনুরোধের প্রেক্ষিতেই। আমাদের ও চীনের সঙ্গে যারা যোগাযোগ মধ্যস্থতায় ছিল তারা হয়তো চীনকে ভালোভাবে বিষয়টি বোঝাতে পারেনি।’
এর আগে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
বিজ্ঞাপন
আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে ওই ম্যাচের ফল ছাড়াই বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। এরপর দুই দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়। তবে চীনের মাঠে না আসায় সেই ম্যাচও আর হলো না।
এখন আগামীকালের সেমিফাইনালকে সামনে রেখে অনুশীলনেই মনোযোগ দিচ্ছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।








