Logo

পর্দা উঠছে এশিয়ান গেমসের, উদ্বোধনে বাংলাদেশের দুই পতাকাবাহক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৮
পর্দা উঠছে এশিয়ান গেমসের, উদ্বোধনে বাংলাদেশের দুই পতাকাবাহক
ছবি: সংগৃহীত

কয়েক দিনের টানা বৃষ্টির পর আজ শনিবার রোদ উঠেছে জাপানের নাগোয়ায়। এতে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান নির্বিঘ্নে আয়োজন নিয়ে আয়োজকদের উদ্বেগ কিছুটা কমেছে। জাপান ও অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার কর্মকর্তারা এরই মধ্যে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ করেছেন।

বিজ্ঞাপন

জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এবারের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে আয়োজকরা পুরো সূচি প্রকাশ করেনি। ফলে জাপান উদ্বোধনী আয়োজনে কী চমক রাখছে, তা এখনো গোপনই রয়েছে।

নাগোয়ার মিজু সিটি স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। অ্যাথলেটিক্স গ্রাউন্ডটি সাদা মঞ্চে সাজানো হয়েছে। বিশেষ অতিথিদের জন্য মাঠের চারপাশে বসার ব্যবস্থাও করা হয়েছে। অনুষ্ঠানের আগে থেকেই গ্যালারিতে দর্শকদের উপস্থিতি দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রীড়াবিদদের মার্চপাস্ট, অ্যাথলেট ও জাজদের শপথ এবং স্বাগতিক জাপানের কৃষ্টি-সংস্কৃতির নানা আয়োজন থাকবে। থাকবে আতশবাজির প্রদর্শনীও। উদ্বোধনের আগে প্রায় দুই ঘণ্টা গান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছে আয়োজকরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এবারের এশিয়ান গেমসে ৪৩টি খেলায় প্রতিযোগিতা হবে ৫৪টি ভেন্যুতে। ৪৫ দেশের প্রায় ১৫ হাজার ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ এবার ২২টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করছে। দেশের কন্টিনজেন্টে রয়েছেন প্রায় ২৫০ জন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার প্রিয়া।

বিজ্ঞাপন

কয়েক দিনের বৃষ্টির কারণে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আয়োজকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও শনিবারের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সেই শঙ্কা অনেকটাই দূর করেছে। এখন অপেক্ষা শুধু পর্দা ওঠার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD