Logo

এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিতে ভারত-বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৬
এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিতে ভারত-বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সপ্তাহখানেক আগেই নারী এশিয়া কাপে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৪২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দলকে। এবার এশিয়া কাপজয়ী ভারতের বিপক্ষেই এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল।

বিজ্ঞাপন

এশিয়ান গেমসের ক্রিকেটেও বাংলাদেশ ও ভারতের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা অবশ্য আগেই তৈরি হয়েছিল। শক্তিমত্তায় ভারতের তুলনায় পিছিয়ে থাকা জাপানের বিপক্ষে ভারতই জয় পাবে—এমনটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে, চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মাঠ ভেজা থাকার কারণে অনুষ্ঠিত হয়নি। ফলে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে জায়গা করে নেয় জ্যোতি-নাহিদাদের বাংলাদেশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে স্বাগতিক জাপানের মেয়েরা শুক্রবার করোগি স্পোর্টস পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। তবে শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে সুবিধা করতে পারেনি তারা। ১৯ দশমিক ৫ ওভারে মাত্র ৫৭ রান সংগ্রহ করেই সব উইকেট হারায় জাপান। জবাবে ভারতের মেয়েরা মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ফলে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে উঠে যায় ভারত।

বিজ্ঞাপন

আগে থেকেই সেমিফাইনালে থাকা বাংলাদেশ চোখ রাখছিল ভারত-জাপান ম্যাচের দিকে। একইসঙ্গে সপ্তাহখানেক আগে এশিয়া কাপে মুখোমুখি হওয়া হরমন-মান্ধানাদের বিপক্ষে খেলার ধারণাও হয়তো রেখেছিল। ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। একইদিন অন্য সেমিফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা লড়বে।

রবিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় করোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জ্যোতি ও হরমনপ্রীতের দল। এরপর আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। একই দিনে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালও অনুষ্ঠিত হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD