Logo

ইতালির ফুটবলে নক্ষত্রপতন, ৮৩ বছর বয়সে মাজ্জোলার মৃত্যু

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৬
ইতালির ফুটবলে নক্ষত্রপতন, ৮৩ বছর বয়সে মাজ্জোলার মৃত্যু
ছবি: সংগৃহীত

ইতালিয়ান ফুটবলের অন্যতম সেরা তারকা সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার ৮৩ বছর বয়সে মারা গেছেন ইন্টার মিলান ও ইতালি জাতীয় দলের সাবেক এই কিংবদন্তি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিলান।

বিজ্ঞাপন

ইন্টারের জার্সিতে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে মাজ্জোলা খেলেছেন ৫৬৫ ম্যাচ। ১৯৬১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে করেছেন ১৫৮ গোল। এ সময়ে চারটি সিরি আ, দুটি ইউরোপিয়ান কাপ ও দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

১৯৬৪ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাজ্জোলার জোড়া গোল ইন্টারের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-১ ব্যবধানে জয় পেয়ে প্রথমবার ইউরোপের সেরা ক্লাবের মর্যাদা অর্জন করে ইন্টার। পরের বছরও শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

জাতীয় দলেও ছিল মাজ্জোলার উজ্জ্বল উপস্থিতি। ইতালির হয়ে ৭০ ম্যাচে ২২ গোল করেন এই ফরোয়ার্ড। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী ইতালি দলের সদস্য ছিলেন তিনি। ১৯৭০ বিশ্বকাপেও দলটির ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাজ্জোলা।

ফুটবল তার পরিবারের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে ছিল। মাজ্জোলার বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলা ছিলেন তোরিনোর কিংবদন্তি খেলোয়াড়। ১৯৪৯ সালের সুপারগা বিমান দুর্ঘটনায় তোরিনোর পুরো দলের সঙ্গে প্রাণ হারান তিনি। সে সময় সান্দ্রোর বয়স ছিল মাত্র ছয় বছর। পরবর্তী সময়ে বাবার পথ অনুসরণ করেই ইতালিয়ান ফুটবলে নিজের আলাদা ইতিহাস তৈরি করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

১৯৭৭ সালে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পরও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি মাজ্জোলা। পরবর্তীতে ইন্টার মিলান ও তোরিনোর স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ইতালিয়ান ফুটবল হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয় তাকে।

বিজ্ঞাপন

মাজ্জোলার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলান ও ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ইন্টার তাদের শোকবার্তায় মাজ্জোলাকে ক্লাব এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে স্থায়ী ছাপ রেখে যাওয়া এক কিংবদন্তি হিসেবে স্মরণ করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD