নিজ দেশের উন্নয়নে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প সাদিও মানের

সেনেগালের ফুটবলে সাদিও মানের পরিচিতি বিশ্বজুড়ে। তবে ফুটবলের বাইরেও নিজ দেশের মানুষের জন্য নানা উদ্যোগ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন এই তারকা ফুটবলার। এবার নিজের গ্রাম বাম্বালিতে ২৪৬ কোটি টাকার একটি বড় কৃষি প্রকল্প নিয়ে হাজির হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সেনেগালের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএসের এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সাদিও মানের উদ্যোগে ‘এসএম১০ অ্যাগ্রো’ নামে প্রকল্পটিতে বিনিয়োগ করা হচ্ছে ১১৭০ কোটি সিএফএ ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ কোটি টাকার সমান।
গত ১৯ সেপ্টেম্বর নিজের গ্রাম বাম্বালিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজের উদ্বোধন করেন সাদিও মানে। প্রায় ৫০০ হেক্টর জমিতে গড়ে তোলা হবে বিশাল আমের বাগান। সেখানে প্রায় ৭৮ হাজার আমগাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
শুধু আম চাষেই সীমাবদ্ধ থাকছে না প্রকল্পটি। এর আওতায় আম বাছাই, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা নির্মাণ করা হবে। পাশাপাশি থাকবে কৃষি প্রশিক্ষণকেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন সুবিধা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রকল্পটি চালু হওয়ার পর শুরুতেই এক হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে আড়াই হাজারে নেওয়ার লক্ষ্য রয়েছে।
নিজের এই উদ্যোগের উদ্দেশ্য ব্যাখ্যা করে সাদিও মানে বলেন, ‘আমি চাই আমাদের মাটির সম্পদ আমাদের কাছেই থাকুক। এই সম্পদ থেকে যে আয় হবে, তা সবার আগে আমাদের মানুষের উপকারে আসুক।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই প্রকল্প শুধু সংখ্যার বিষয় নয়। আমি চাই আমাদের অঞ্চলের তরুণ ও নারীরা এগিয়ে যাওয়ার সুযোগ পাক। এ কারণেই প্রকল্পের সঙ্গে একটি প্রশিক্ষণকেন্দ্র রাখা হয়েছে, যাতে আধুনিক কৃষিপদ্ধতি শেখানো যায়। এই প্রকল্প আপনাদের। আমি এটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। নিজেদের প্রকল্প মনে করে এটিকে এগিয়ে নিন। আপনারাই এটি পরিচালনা করবেন।
এর আগে বাম্বালিতে স্কুল, মসজিদ, হাসপাতাল ও পেট্রোল স্টেশনসহ বিভিন্ন সামাজিক অবকাঠামোতে টাকা দিয়েছেন সাদিও মানে। এবার তার লক্ষ্য শুধু দান করা নয়, স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি করা ও অর্থনৈতিক সমৃদ্ধি আনা।








