পর্নো তারকা হলেন ‘শুভেচ্ছাদূত’, ক্ষুব্ধ হামজার সাবেক ক্লাবের সমর্থকরা

হামজা চৌধুরীর সাবেক ক্লাব লেস্টার সিটিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ক্লাবটির প্রধান জার্সি স্পন্সর অনলাইন জুয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘বিসি ডট গেম’ রাশিয়ান অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটর ও ই-স্পোর্টস স্ট্রিমার ইভা এলফিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ দিয়েছে। এ ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন লেস্টার সিটির সমর্থকরা।
বিজ্ঞাপন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিও ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। ভিডিওতে ইভা এলফিকে এক ডেলিভারিম্যানের সামনে আবেদনময় ভঙ্গিতে হাজির হতে দেখা যায়। বিষয়টি ভালোভাবে নেয়নি ক্লাবটির সমর্থকদের সংগঠন ‘ফক্সেস ট্রাস্ট’। তাদের অভিযোগ, এ ধরনের বিতর্কিত প্রচারণার সঙ্গে যুক্ত হয়ে লেস্টার সিটি নিজেদের পারিবারিক ও সুশৃঙ্খল ক্লাবের ঐতিহ্যবাহী ভাবমূর্তি হারাচ্ছে।
কারাসাওভিত্তিক অনলাইন ক্যাসিনো প্রতিষ্ঠান ‘বিসি ডট গেম’ ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকেই লেস্টার সিটির প্রধান জার্সি স্পন্সর হিসেবে রয়েছে। তবে প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যে বৈধ পরিচালন লাইসেন্স নেই। এ কারণে চুক্তির শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন ক্লাবটির সমর্থকদের একটি অংশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এক বিবৃতিতে ফক্সেস ট্রাস্ট জানায়, ‘ক্লাব কর্তৃপক্ষ কেবল একটি জুয়া কোম্পানির সঙ্গেই হাত মেলায়নি, বরং এমন একটি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে, যার যুক্তরাজ্যে কোনো লাইসেন্স নেই, অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে এবং যারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া খেলার সুযোগ দেয়। আর এখন তার সঙ্গে যুক্ত করা হলো এমন একজনকে, যিনি অ্যাডাল্ট কনটেন্ট তৈরি করে পরিচিতি পেয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘জুয়া এবং পর্নোগ্রাফি—উভয়ই মানুষের জীবনে, বিশেষ করে তরুণদের জীবনে মারাত্মক ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। এই ধরনের অংশীদারি সেই দুই জগতকে আরো বড় দর্শকদের সামনে নিয়ে আসছে এবং ক্লাবের নামের সঙ্গে তাদের যুক্ত করছে। আমরা কি সত্যিই এখন এমন ক্লাব হতে যাচ্ছি?’
সমর্থকদের মনোভাব তুলে ধরে সংগঠনটি জানায়, তাদের মৌসুম শেষের জরিপে ৭৩ শতাংশ সমর্থক এই স্পন্সরশিপ নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বিপরীতে মাত্র ৫ শতাংশ সমর্থক এতে সন্তুষ্ট ছিলেন। এ অবস্থায় সমর্থকদের প্রতি স্পন্সর প্রতিষ্ঠানের লোগো ছাড়া জার্সি কেনার আহ্বান জানিয়েছে ফক্সেস ট্রাস্ট।
বিজ্ঞাপন
এর আগেও প্রতিষ্ঠানটির সঙ্গে লেস্টার সিটির চুক্তি নিয়ে আপত্তি উঠেছিল। ২০২৫ সালের মে মাসে ‘কোলিশন টু এন্ড গ্যাম্বলিং অ্যাডস’ লেস্টার সিটিকে চিঠি দিয়েছিল। একই সঙ্গে যুক্তরাজ্যের জুয়া নিয়ন্ত্রক সংস্থা ‘গ্যাম্বলিং কমিশন’-এর কাছে প্রতিষ্ঠানটির প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় সংগঠনটি।
তাদের অভিযোগ ছিল, যুক্তরাজ্যে বৈধ লাইসেন্স না থাকলেও ‘বিসি ডট গেম’-এর অনলাইন প্ল্যাটফর্ম সহজেই ব্যবহার করা যাচ্ছে।
এদিকে বিতর্কের মধ্যে বৃহস্পতিবার নিজেদের অবস্থান জানিয়েছে লেস্টার সিটি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘আমাদের প্রধান পার্টনারের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা ক্লাব অনুধাবন করছে। আমরা তাদের সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছি এবং উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছি।’








