Logo

সরিষাবাড়ীতে আমন ধানে মাজরা পোকা, ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকেরা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
সরিষাবাড়ী, জামালপুর
৭ অক্টোবর, ২০২৫, ২২:০৪
সরিষাবাড়ীতে আমন ধানে মাজরা পোকা, ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকেরা
ছবি: প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আমন ধানে মাজরা পোকা ও খোল পোড়া রোগের আক্রমণে বিপাকে পড়েছেন কৃষকরা। কীটনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তাদের মধ্যে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

কৃষকদের অভিযোগ, একদিকে মজুরি ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় আগের তুলনায় অনেক বেশি, অন্যদিকে রোগবালাইয়ের আক্রমণে এবার ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সরিষাবাড়ী উপজেলায় ১৭ হাজার ৯৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে গ্রাফিত’র শামীম আটক

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক ক্ষেতেই মাজরা পোকার আক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে। বাজারে পাওয়া বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও কৃষকরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। একই সঙ্গে খোল পোড়া রোগে ধানগাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে বাদামি রঙ ধারণ করছে।

কৃষক তারেক মিয়া বলেন, “ধান গাছে পোকা ধরেছে, কীটনাশক দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। যেভাবে পচন ধরছে, তাতে ফলন ভালো হবে না।”

কৃষক আবজাল মিয়া জানান, “আমন ধানে মাজরা পোকা আর গোড়া পচা রোগ দেখা দিয়েছে। শিষ না আসতেই রোগ ধরে ফেলেছে, তাই খুব দুশ্চিন্তায় আছি।”

কৃষক কালাম মন্ডল বলেন, “মজুরি, সার সবকিছুর দাম এখন বেশি। তার ওপর মাজরা পোকা আর খোল পোড়া রোগে ধান একেবারে নষ্ট হচ্ছে। কীটনাশক দিচ্ছি, তবু খুব একটা কাজ হচ্ছে না।”

আরও পড়ুন: ময়মনসিংহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় টাইফয়েড টিকাদান কর্মসূচি

কৃষক তোজাম উদ্দিনের অভিজ্ঞতাও একই: “আমার ক্ষেতেও একই রোগ দেখা দিয়েছে। নিয়মমতো ওষুধ দিচ্ছি, দেখি কী হয়।”

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, “এ বছর আমন ধানের আবাদ কিছুটা বেশি হওয়ায় মাজরা পোকা ও খোল পোড়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আক্রান্ত এলাকার মাঠে আমরা নিয়মিত যাচ্ছি, কৃষকদের পরামর্শ ও চিকিৎসা দিচ্ছি।”

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD