প্রবাস থেকে ফিরে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামের মো. সোলেমান শেখের ছেলে জুয়েল রানা (২৫) প্রবাস থেকে ফিরে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে প্রেমের সম্পর্কের ভিত্তিতে জুয়েল রানা বিয়ে করেন একই ইউনিয়নের গাড়াল গ্রামের বাবর আলীর মেয়ে চৈতি খাতুনকে। দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান রয়েছে। বিয়ের পর জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পাড়ী জমান জুয়েল রানা।
প্রবাসে থাকার সময় স্ত্রী চৈতি খাতুনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে একাধিকবার স্বামী-স্ত্রীর মাঝে বিরোধও তৈরি হয়। পরে বুধবার (১২ নভেম্বর) জুয়েল রানা দেশে ফেরেন এবং ফিরে রবিবার (১৬ নভেম্বর) স্ত্রীকে তালাক দেন।
বিজ্ঞাপন
তালাকের পর তিনি এক মন দুধ দিয়ে গোসল করেন এবং সেই গোসলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডিতে পাবলিশ করেন।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন— “আলহামদুলিল্লাহ সবই আল্লাহ তাআলার ইচ্ছা লেখার অনেক কিছুই ছিল কিন্তু লিখলাম না শুধু মনের মধ্যেই রেখে দিলাম জীবনের একটি কালো অধ্যায় শেষ করলাম আল্লাহতালা যেন আমার সামনের দিনগুলো সহজ করে দেয় এবং কঠিন মোকাবেলা করার তৌফিক দান করে আমিন। জীবনের ছোট্ট একটু ভুল সিদ্ধান্তের কারণে এতদিন ভুলের খেসারত দিতে হয়েছে আল্লাহর রহমতে এখন সেই সমাধান করে ফেলেছে আল্লাহতালা নিজেই”
বিজ্ঞাপন
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








