Logo

ঈদযাত্রায় স্বস্তি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ থাকলেও নেই যানজট

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৮ মার্চ, ২০২৬, ১১:৩৮
ঈদযাত্রায় স্বস্তি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ থাকলেও নেই যানজট
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। ঘরমুখী এই যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে ঠিকই, তবে স্বস্তির খবর—চিরচেনা যানজটের দেখা এবার মিলছে না। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে, ফলে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

বিজ্ঞাপন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস ও আশেকপুর বাইপাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, যাত্রীরা শুধু বাসেই নয়, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ভাড়ায়চালিত মোটরসাইকেলেও গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। মহাসড়কে যাত্রীবাহী বাসের তুলনায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের উপস্থিতিই বেশি চোখে পড়েছে। অনেকেই দ্রুত যাত্রার জন্য বিকল্প যানবাহন বেছে নিচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়নি। গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন সুবিধা থাকায় যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়নি।

বিজ্ঞাপন

এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। একদিনে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখনো কোন যানজট সৃষ্টি হয়নি। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে। সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, গত কয়েক দিনের মতোই মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে, তবে কোথাও যানজট নেই। যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD