পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে চলাচল

ঈদযাত্রাকে সামনে রেখে পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও কোথাও উল্লেখযোগ্য যানজট দেখা যায়নি। এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সেতু পার হয়ে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
বিজ্ঞাপন
তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকায় যানবাহনের কিছুটা সংকট রয়েছে। ফলে অনেক যাত্রী বিকল্প হিসেবে খোলা ট্রাকে করে গন্তব্যের দিকে রওনা হচ্ছেন।
বুধবার সকালে পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে যাত্রীদের ২০০ টাকা ভাড়ায় ট্রাকে করে বরিশালের উদ্দেশে যাত্রা করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
ভোর থেকেই সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করে। টোল প্লাজায় কিছু সময়ের জন্য যানবাহনের জটলা তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। অধিকাংশ ক্ষেত্রেই অপেক্ষা ছাড়াই টোল দিয়ে সেতু পার হতে পারছেন চালকরা।
পদ্মা সেতুর টোল বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাবিল হোসেন জানান, যানবাহনের চাপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও যানজট সৃষ্টি হয়নি।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৩৮ হাজার ৫৫৭টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।








