আইজিপির বাসভবনে চুরির খবর সম্পূর্ণ ভিত্তিহীন: পুলিশ

বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাসভবনে চুরির খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার মো. আবু রাসেল বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ মার্চ বিভিন্ন অনলাইন এবং গণমাধ্যমে আইজিপির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে এমন সংবাদ প্রকাশিত হয়। পুলিশ জানিয়েছে, সংবাদটি যাচাই-বাছাই ছাড়া প্রচারিত হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে বাসভবনে কোনো চুরি ঘটেনি।
ঘটনার প্রকৃত বিবরণ অনুযায়ী, গত ১৬ মার্চ রাত প্রায় ১১টার সময় ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি ওই তারগুলো নিয়ে যায়।
বিজ্ঞাপন
থানা পুলিশের নজরে আসার পর ১৭ মার্চ অভিযানের মাধ্যমে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।
পুলিশ আরও অনুরোধ করেছে, আইজিপির বাসভবনে চুরি সংক্রান্ত ভ্রান্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সতর্ক থাকতে। ঘটনার সঠিক তথ্য এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে জনগণকে অবহিত করা হবে।








