Logo

সিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শওকত আলী

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১ এপ্রিল, ২০২৬, ২১:৫৫
সিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শওকত আলী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন এই দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণের সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এরপর তিনি বিদায়ী কমিশনার হাসিব আজিজের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র‍্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে লাইবেরিয়া, হাইতি ও মালিতে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অভিজ্ঞতাও অর্জন করেন। সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্বে ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নগরের লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন নতুন কমিশনার। সভায় তিনি ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশ দেন। এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করার কথা উল্লেখ করেন তিনি।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD