সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প বন্ধ

সিলেট বিভাগ জুড়ে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন। মালিক সমিতির ডাকা আকস্মিক এই ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন চালক ও সাধারণ যাত্রীরা।
বিজ্ঞাপন
বুধবার (২ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এরপর থেকেই বিভাগের কোথাও তেল বা গ্যাস সরবরাহ করা হচ্ছে না। ফলে পরিবহন চলাচলে স্থবিরতা নেমে এসেছে এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করতেও মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সিলেট পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের সাম্প্রতিক অভিযান, জরিমানা এবং পাম্পে পুলিশ মোতায়েনের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালত ও বিভিন্ন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
সমিতির মুখপাত্র রিয়াসাদ আজিম আদনান জানান, হয়রানিমূলক কার্যক্রম ও জরিমানা বন্ধ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এই অচলাবস্থার দ্রুত সমাধান না হলে সিলেট অঞ্চলে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








