খেলার মাইকিং থেকে চার গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার প্রচারণার জন্য মাইকিং করতে গেলে পাশের খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কিছু যুবক তাকে মারধর ও অপমান করে। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত বিরোধের সূত্রপাত।
এর জেরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে প্রথম দফায় সংঘর্ষ বাধে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় চার গ্রামের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায়।
বিজ্ঞাপন
মুনসুরাবাদ গ্রামের লোকজন ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। অন্যদিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলে। দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ ঘরবাড়ির ছাদ ও দোকানের আড়াল থেকে ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করতে থাকে। এতে বহু মানুষ আহত হন এবং আশপাশের দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
বিজ্ঞাপন
এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আলামিন মিয়া জানান, আগের দিনের ঘটনার জের ধরেই শনিবার সকালে নতুন করে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
একই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।








