Logo

লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট, আয় কমে দিশেহারা মোটরসাইকেল রাইডার

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপাসিয়া, গাজীপুর
৪ এপ্রিল, ২০২৬, ১৩:৩১
লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট, আয় কমে দিশেহারা মোটরসাইকেল রাইডার
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জ্বালানি সংকটের কারণে ভাড়ায় মোটরসাইকেল চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়মিত জ্বালানি সরবরাহ থাকলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হওয়ায় চালকদের দৈনন্দিন আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিজ্ঞাপন

চালকদের অভিযোগ, আগে প্রতিদিন তারা ১২০০–১৫০০ টাকা আয় করতেন, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ২০০–৩০০ টাকায়। তেল সংগ্রহ করতে গিয়ে দিনের বড় অংশ লাইনে দাঁড়িয়ে কাটাতে হচ্ছে।

আমরাইদ এলাকার মোটরসাইকেল চালক সোহেল মিয়া বলেন, “তেল পাওয়া যায় ঠিকই, কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতেই অর্ধেক দিন শেষ হয়ে যায়। আগে দিনে অনেক ট্রিপ দিতাম, এখন ২–৩টার বেশি পারি না।”

বিজ্ঞাপন

চালক জাকির হোসেন অভিযোগ করেন, “কাপাসিয়ার স্থানীয় চালকদের চেয়ে বাইরের অপরিচিত চালকদের ভিড় বেশি। তারা লাইনে এসে দাঁড়ায়, ফলে স্থানীয়রা আরও বেশি ভোগান্তিতে পড়ছে।”

বীরউজলী এলাকার রফিকুল ইসলাম বলেন, “ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকি, কিন্তু কখন তেল পাবো তা নিশ্চিত না। অনেক সময় দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে হয়। এতে সময়ও নষ্ট হচ্ছে, আয়ও কমে যাচ্ছে।”

সরেজমিনে দেখা গেছে, আমরাইদ মোল্লা ফিলিং স্টেশনসহ উপজেলার বিভিন্ন পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি গড়ে উঠেছে। অতিরিক্ত চাপের কারণে লাইনের গতি ধীর হয়ে পড়েছে। প্রতিদিন তেল সরবরাহ করা হলেও চালকরা সমস্যায় পড়ছেন।

বিজ্ঞাপন

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, “আমরা নিয়মিত জ্বালানি সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে অনেক চালক নিয়ম না মেনে ভিড় করছেন, এতে লাইনের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সবাই ধৈর্য ধরে নিয়ম মেনে তেল নিলে এত দীর্ঘ সময় লাগার কথা নয়।”

উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করেছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি চালানো হচ্ছে এবং অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হচ্ছে।

বিজ্ঞাপন

তবুও চালকদের ভোগান্তি পুরোপুরি কমেনি। স্থানীয়রা মনে করছেন, সুষ্ঠু ব্যবস্থাপনা, স্থানীয় চালকদের অগ্রাধিকার এবং কঠোর নজরদারি নিশ্চিত করা গেলে পরিস্থিতি উন্নতি পাবে। মোটরসাইকেল চালকরা দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানিয়েছেন, যাতে তারা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD