রাজনৈতিক বিরোধের জেরে সংঘর্ষ, ছেলের গুলিতে গুরুতর আহত বাবা

ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক বিরোধের জেরে বাবা-ছেলের দ্বন্দ্ব ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। এ ঘটনায় গুলিবর্ষণ, হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ছেলের ছোড়া গুলিতে বাবা খোকা মিয়া গুরুতর আহত হন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামিরদিয়া নারিশের গেট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খোকা মিয়া ও তার ছেলে রানা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতবিরোধ চলছিল। খোকা মিয়া ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থক ছিলেন, অন্যদিকে তার ছেলে রানা মিয়া ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষের কর্মী।
বিজ্ঞাপন
নির্বাচন শেষে বন্ধ থাকা নারিশের মোড়ের রাজনৈতিক কার্যালয় রবিবার দুপুরে খুলে বসেন রানা মিয়া। বিষয়টি দেখে খোকা মিয়া আপত্তি জানান এবং কার্যালয় বন্ধ করতে বলেন। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা, যা দ্রুতই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
এক পর্যায়ে রানা মিয়া তার বাবাকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় তার সহযোগীরা খোকা মিয়ার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায়, তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। সংঘর্ষের মধ্যে দলীয় কার্যালয়ের ভেতরের আসবাবপত্রও ভাঙচুর করা হয়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে খোকা মিয়ার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প সূত্র জানায়, খোকা মিয়ার শরীরে গুলির পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছেন এবং মূল ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।








