শেরপুরে সড়কে অটোভ্যান–সিএনজির সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

বগুড়ার শেরপুরে অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (১২ এপ্রিল) বিকেলে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শালফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলি গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে শেরপুরে একটি এনজিও থেকে কিস্তির টাকা উত্তোলন করতে যান। পরে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে শালফা বাজারে পৌঁছালে ধুনটগামী একটি সিএনজির (বগুড়া থ ১১-১৬৭৭) সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আব্দুস সামাদকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।








