দর্শনায় আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় প্রায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আলমগীর খান (৫০)। তিনি দর্শনার মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে।
বিজ্ঞাপন
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের খবর পায় বিজিবি। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভোরে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল।
বিজ্ঞাপন

এ সময় এক ব্যক্তি বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। কিন্তু সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে।
পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
বিজ্ঞাপন
এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








