Logo

পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের ‘পাতা বাহা’ ও নববর্ষ বরণে বর্ণাঢ্য র‍্যালি

profile picture
উপজেলা প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
১৩ এপ্রিল, ২০২৬, ১৪:৩৮
পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের ‘পাতা বাহা’ ও নববর্ষ বরণে বর্ণাঢ্য র‍্যালি
ছবি প্রতিনিধি।

পানছড়িতে জোহার গঁসায় মারাংবুরু স্লোগানকে সামনে রেখে সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘পাতা বাহা’ উৎসব ও বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) সকালে পানছড়ি পশ্চিম সাঁওতাল পাড়ার উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

​সকাল থেকেই সাঁওতাল সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসবে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। মূলত প্রকৃতির আশীর্বাদ প্রার্থনা এবং নতুন বছরকে বরণ করে নিতেই এই বিশেষ আয়োজন।

বিজ্ঞাপন

​আয়োজক কমিটি জানায়, পশ্চিম সাঁওতাল পাড়ার এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেছে ‘সাঁওতাল স্টুডেন্টস ফোরাম’ এবং ‘সাঁওতাল উন্নয়ন সহাসান’।

​সাঁওতাল প্রতিনিধিরা জানান, ‘বাহা’ বা ‘পাতা বাহা’ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বৈসাবি উৎসবের এই মাহেন্দ্রক্ষণে তারা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে প্রতি বছরই এ ধরনের আয়োজন করে থাকেন। র‍্যালি শেষে স্থানীয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে সাঁওতালদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশিত হয়।

বিজ্ঞাপন

​র‍্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাঁওতাল স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাহাড়ে চলমান বৈসাবি উৎসবের সাথে সাঁওতালদের এই বর্ণিল আয়োজন খাগড়াছড়ির সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্রকে আরও উজ্জ্বল করে তুলেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD