Logo

জ্বালানি সংকটেও গাড়িবহর নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
১৩ এপ্রিল, ২০২৬, ১৪:৫৫
জ্বালানি সংকটেও গাড়িবহর নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটের সময় বড়সড় গাড়িবহর নিয়ে শোডাউন করায় নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে সমালোচনার ঝড় ওঠার পর কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে পদ ছাড়তে হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার জানান দিতে ব্যাপক গাড়িবহর নিয়ে শোডাউন করেন মাসুদ রানা। রোববার (১২ এপ্রিল) গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তার নেতৃত্বে এই শোডাউন শুরু হয়। প্রায় ৫০টি গাড়ি ও চার শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বহরটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের চাঁচকৈড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে চলমান জ্বালানি সংকটের মধ্যে এমন আয়োজন কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে এত বড় আয়োজনের অর্থের উৎস নিয়েও নানা মহলে বিতর্ক তৈরি হয়।

স্থানীয় একটি মাইক্রোবাস সমিতির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বহরে থাকা প্রতিটি গাড়ির ভাড়া গড়ে প্রায় ৫ হাজার টাকা। সেই হিসাবে গাড়ি ভাড়াতেই খরচ হয়েছে আনুমানিক আড়াই লাখ টাকা।

এ বিষয়ে মাসুদ রানা ফোনে গাড়ির সংখ্যা নিশ্চিত করলেও ব্যয়ের উৎস সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে তিনি দাবি করেন, ব্যবহৃত গাড়িগুলোর বেশিরভাগই এলপিজি ও সিএনজিচালিত, জ্বালানি তেলনির্ভর নয়। তবে দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে তিনি কোনো বক্তব্য দেননি।

বিজ্ঞাপন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ এ ঘটনাকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে বলেন, সংকটময় সময়ে দায়িত্বশীলদের উচিত জনস্বার্থে কাজ করা। এ ধরনের প্রদর্শনীমূলক আয়োজন নেতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও এমন কাজে উৎসাহিত করতে পারে।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জানান, বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার পর সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD