Logo

মির্জাগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাগঞ্জ, পটুয়াখালী
১৩ এপ্রিল, ২০২৬, ১৬:২৪
মির্জাগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৪  ব্যবসায়ীকে জরিমানা
ছবি প্রতিনিধি।

পটুয়াখালীর মির্জাগঞ্জের প্রধান বাণিজ্য কেন্দ্র সুবিদখালীতে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সুবিদখালী বাজারে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অভিযোগে ৪ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী’র সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং খাদ্য উৎপাদনস্থল অপরিচ্ছন্ন থাকায় মুসলিম সুইটসকে আট হাজার টাকা, মেসার্স দেবনাথ ট্রেডার্সকে তিন হাজার পাঁচশত টাকা, সাহা ট্রেডার্সকে দুই হাজার পাঁচশত টাকা এবং মেসার্স রমেশ ট্রেডার্সকে তিন হাজারসহ মোট সতের হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

মো. শাহ শোয়াইব মিয়া জানান, অতিরিক্ত মুনাফার আশায় কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর পাশাপাশি সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এর ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমন অভিযানকে স্বাগত জানিয়ে উপস্থিত ক্রেতারা বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD