ব্রিজ ঢালাইয়ে রডের বদলে বাঁশ, বরিশালে চাঞ্চল্য

বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন ব্রিজ নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করার অভিযোগ উঠেছে। স্থানীয় এক ইউপি সদস্য ও ঠিকাদারের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রত্নপুর ইউনিয়নের দুশমী–করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ৪৫ ফুট এবং প্রস্থ সাড়ে ৫ ফুটের মতো।
অভিযোগ রয়েছে, সরকারি নীতিমালা অনুযায়ী যেখানে ৫ ইঞ্চি পুরু ঢালাই দেওয়ার কথা, সেখানে দেওয়া হয়েছে মাত্র সাড়ে ৩ ইঞ্চি। এছাড়া রড বসানোর ক্ষেত্রে নির্ধারিত দূরত্ব না মেনে প্রায় ১ ফুট পরপর রড ব্যবহার করা হয়। পর্যাপ্ত রড না থাকায় পরে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই সম্পন্ন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের দাবি, ঢালাইয়ের সময় বিষয়টি নজরে আসলে তারা প্রতিবাদ করেন। এরপর ঠিকাদার কিছু রড এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এমনকি সিমেন্ট কম পড়ে গেলে স্থানীয়দের কাছ থেকে ৫ ব্যাগ সিমেন্ট এনে কাজ শেষ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লা জানান, ব্রিজটির প্রকৃত পরিকল্পিত দৈর্ঘ্য ৫৫ ফুট হলেও বাস্তবে ৪৫ ফুটের মতো নির্মাণ করা হয়েছে। তাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ ১ লাখ টাকা থাকলেও সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৮৫ হাজার টাকা আদায় করা হয়েছে।
বিজ্ঞাপন
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য সোহেল মোল্লা। তিনি দাবি করেন, বাঁশ মূল কাঠামোর অংশ হিসেবে ব্যবহার করা হয়নি, এটি স্থানীয়দের উদ্যোগে সাময়িকভাবে ব্যবহার করা হয়েছে।
রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, ব্রিজ নির্মাণের জন্য প্রথমে দেড় লাখ টাকা এবং পরে আরও ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
এদিকে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, এলজিইডিকে না জানিয়ে ব্রিজের ঢালাই করা নিয়মবহির্ভূত কাজ।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানিয়েছেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানার পর সরেজমিন তদন্ত করা হবে এবং প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় আগৈলঝাড়া এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং টেকসইভাবে ব্রিজটি পুনর্নির্মাণ করা হোক।








