Logo

রুহিয়ায় টাঙ্গন নদীর ব্রিজের পিলার বেঁকে গেছে, বড় দুর্ঘটনার আশঙ্কা

profile picture
উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও
১৮ এপ্রিল, ২০২৬, ১৫:৪৩
রুহিয়ায় টাঙ্গন নদীর ব্রিজের পিলার বেঁকে গেছে, বড় দুর্ঘটনার আশঙ্কা
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঢোলারহাট-বড়দেশ্বরী হাট সড়কের টাঙ্গন নদীর ওপর নির্মিত একটি ব্রিজ বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। ব্রিজটির পিলার বেঁকে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই ব্রিজটি তাদের প্রধান যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সম্প্রতি ব্রিজের প্রধান দুটি পিলার দৃশ্যত বাঁকা হয়ে পড়েছে। পিলারের নিচের অংশ থেকে ইট-সুরকি খসে পড়ছে, যা পুরো কাঠামোকে দুর্বল করে তুলেছে।

প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই ছোট-বড় অসংখ্য যানবাহন ও পথচারী এই ব্রিজ ব্যবহার করছেন। ঢোলারহাট ও বড়দেশ্বরী হাটের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন এলাকাবাসীর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির এমন বেহাল অবস্থার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পিলারের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মাবুদ হাসান বলেন, বিষয়টি তার জানা ছিল না। দ্রুত ব্রিজটি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD