দামুড়হুদা বাসস্ট্যান্ডে তীব্র যানজট, নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি

দামুড়হুদা উপজেলার বাসস্ট্যান্ড এলাকা দীর্ঘদিন ধরে তীব্র যানজটের কবলে পড়ে জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থী, শ্রমজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে ব্যস্ত এই গুরুত্বপূর্ণ এলাকাটি এখন অব্যবস্থাপনার কারণে প্রায় অচল হয়ে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহনের কারণেই এই যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। ট্রাক্টর, অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, করিমন, লেগুনা এবং দূরপাল্লার বাস নির্ধারিত স্থান উপেক্ষা করে সড়কের মাঝখানেই যাত্রী ওঠানামা করায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
বিজ্ঞাপন
যদিও অতীতে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একাধিকবার যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক তদারকির অভাবে তা সফল হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা মনে করেন, দায়িত্বরত কর্তৃপক্ষের উদাসীনতা এবং কার্যকর পদক্ষেপের অভাবেই সমস্যাটি দিন দিন প্রকট হচ্ছে।
সচেতন মহলের মতে, বাসস্ট্যান্ড এলাকাটি অত্যন্ত অগোছালো হওয়ায় যানবাহন চালকরা যেখানে-সেখানে গাড়ি রেখে যাত্রী ওঠানামা করাচ্ছেন। দীর্ঘদিনের এই বিশৃঙ্খলা হঠাৎ করে সাময়িক অভিযানে দূর করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কঠোর বাস্তবায়ন।
স্থানীয়দের দাবি— বাসস্ট্যান্ড এলাকায় স্থায়ীভাবে পুলিশ ও গ্রামপুলিশ মোতায়েন করতে হবে, অবৈধভাবে যানবাহন দাঁড় করানো ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
প্রস্তাব হিসেবে তারা জানান, দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের যানবাহনগুলো মালিক সুপার মার্কেট সংলগ্ন সরকারি খালি জায়গায় এবং দামুড়হুদা-দর্শনা সড়কের যানবাহনগুলো এম নুরুন্নবী মার্কেটের সামনে নির্দিষ্ট স্থানে রাখা হলে যানজট অনেকাংশে কমে আসবে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করলে এই গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।








