কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ আমির হামজা

কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, কলেজ পরিদর্শনের সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে অবরুদ্ধ করে রাখে।
কলেজ সূত্রে জানা গেছে, সকালে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হামজা। অনুষ্ঠান চলাকালে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।
বিজ্ঞাপন
পরবর্তীতে মাঠে প্রবেশের সময় একই শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে স্লোগান দেয় এবং এক পর্যায়ে মাঠে বসে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে কলেজের অধ্যক্ষ তাকে নিজের কার্যালয়ে নিয়ে যান।
এরপর শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আমির হামজা পুলিশের সহায়তায় কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সংসদ সদস্যকে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। তবে তাকে অবরুদ্ধ করার অভিযোগ অস্বীকার করেন তিনি।








