নেত্রকোণায় ভারতে পাচারের সময় কিশোরী উদ্ধার

নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত এলাকায় ভারতে পাচারের চেষ্টা চলাকালে এক কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে ফারংপাড়া এলাকার বটতলা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং একই সঙ্গে ১৪ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম সিলভার চাকমা। তিনি দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের মৃত এনফন্ট নকরেকের ছেলে।
বিজ্ঞাপন
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির বিজয়পুর বিওপির সূত্রে জানা যায়, ভবানীপুর বিওপির একটি টহল দল সীমান্তের ১১৫৬/৮-এস মেইন পিলার সংলগ্ন এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ওই কিশোরীকে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।
বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি মানবপাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।








