ময়মনসিংহ সদরে রিক্সায় চড়ে ব্যতিক্রমী বিদায় নিলেন সমাজসেবা কর্মকর্তা

ময়মনসিংহ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয়েছে বিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুনকে। একই সঙ্গে নবযোগদানকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় রিকশায় চড়ে ব্যতিক্রমী বিদায় নেন মাকসুদা খাতুন।
বিজ্ঞাপন
বিদায় ও বরণ অনুষ্ঠানটি পরিণত হয় আবেগ, স্মৃতিচারণ ও শুভকামনার মিলনমেলায়। এ সময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
কার্যালয়ের কর্মচারী মঞ্জুরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন স্যারের সঙ্গে কাজ করেছি। তিনি অত্যন্ত সৎ, দক্ষ ও মেধাবী একজন কর্মকর্তা। কর্মক্ষেত্রে তিনি আমাদের সবসময় অভিভাবকের মতো আগলে রেখেছেন। তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।
বিজ্ঞাপন
আরেক কর্মচারী রিনা আক্তার বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বিদায়ী কর্মকর্তার সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
সমাজকর্মীরা তাঁদের বক্তব্যে বলেন, আজ আমরা একজন দায়িত্বশীল অভিভাবককে বিদায় জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সুরক্ষা ও দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর অবদান আমরা কখনো ভুলব না।
সভাপতির বক্তব্যে নবযোগদানকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ বলেন, আজকের আয়োজনই প্রমাণ করে বিদায়ী কর্মকর্তার প্রতি আপনাদের ভালোবাসা ও শ্রদ্ধা কতটা গভীর। তিনি দক্ষতার সঙ্গে অফিস পরিচালনা করেছেন। আমি তাঁর রেখে যাওয়া ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে চাই এবং সবার সহযোগিতা কামনা করছি।
বিজ্ঞাপন
বিদায়ী বক্তব্যে মাকসুদা খাতুন বলেন, আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, নতুন কর্মকর্তাকেও সেভাবে সহযোগিতা করবেন। করোনা মহামারি ও বিভিন্ন দুর্যোগময় সময়ে আমি এখানে দায়িত্ব পালন করেছি। আপনাদের আন্তরিক সহযোগিতার কারণেই সফলভাবে দায়িত্ব পালন করতে পেরেছি।
সহকর্মীদের ভালোবাসার কথা স্মরণ করে তিনি আরও বলেন, আমি আপনাদের মাঝে একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। কর্মস্থল পরিবর্তন হলেও আপনাদের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব। সবাই পরিবার-পরিজন নিয়ে ভালো থাকুন, এটাই আমার কামনা।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে সহকর্মীরা অশ্রুসজল চোখে বিদায়ী কর্মকর্তা মাকসুদা খাতুনকে রিকশায় তুলে দেন। এ সময় উপস্থিত সবার আবেগঘন মুহূর্তে সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ। ব্যতিক্রমী এই বিদায় অনুষ্ঠান ময়মনসিংহ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।








