কাপাসিয়ায় বেড়েই চলছে চুরি-ডাকাতি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে উপজেলার টোক ইউনিয়নের কয়েকটি গ্রামে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) রাতে টোক ইউনিয়নের শহর টোক গ্রামের বনিকপাড়ায় একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী কিংকর বনিক জানান, চোরেরা তার বাড়ির পানির পাম্পের বৈদ্যুতিক তার, টিউবওয়েলের যন্ত্রাংশ এবং সোলার ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এছাড়া ঘরের জানালা ভেঙে বিভিন্ন মালামালও নিয়ে যায়।
একই এলাকার কনক বনিক জানান, তার টিউবওয়েল ও ঘরের বাইরে থাকা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। সংকর বনিক অভিযোগ করেন, তার ঘরের জানালা ভেঙে সোলার ব্যাটারি, পানির কেটলি ও অন্যান্য আসবাবপত্র নিয়ে গেছে চোরেরা। তিনি বলেন, প্রায় রাতেই কিছু মাদকসেবী এলাকায় চুরি করে বেড়ায়। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
বিজ্ঞাপন
এদিকে উপজেলার উলুসারা গ্রামে আরও ভয়াবহ একটি ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুদু মিয়ার বাড়িতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে একদল ডাকাত। এ সময় কালামের ছেলে শান্ত বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উলুসারা গ্রামের বাসিন্দা মাহবুব জানান, ডাকাতরা একটি দোকান ও বাড়ি থেকে টেলিভিশন, ভোজ্যতেল, সাবান, সিগারেট, শিশুখাদ্য, পাউডার, প্যারাস্যুট তেল, টুথপেস্ট, আইপিএসের ব্যাটারি, সিসি ক্যামেরাসহ প্রায় এক লাখ টাকার বেশি মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বলেন, উলুসারা গ্রামে রাতে সিঁধ কেটে চুরির একটি ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
টোক ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম কবির বলেন, উলুসারা এলাকায় অনেক দিন ধরে চুরি হচ্ছে। মাহবুব আমার ভাতিজা, তার দোকানে পরপর দুই-তিনবার চুরি হয়েছে। এছাড়াও গ্রামের বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। টোক ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছেন।
স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় অপর্যাপ্ত পুলিশ টহল এবং মাদকসেবীদের উৎপাতের কারণে চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার, নিয়মিত পুলিশি টহল জোরদার এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।








