আত্মসমর্পণ করছেন এমপি আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা রবিবার (১৪ জুন) সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। আজ সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। এর পর দুপুরে আদালতে উপস্থিত হবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। বাকি সিদ্ধান্ত আদালতের।
বিজ্ঞাপন
এদিকে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও জানিয়েছেন, মুফতি আমির হামজা আত্মসমর্পণের উদ্দেশ্যে দুপুরে আদালতে উপস্থিত হবেন বলে তারা নিশ্চিত তথ্য পেয়েছেন।
এর আগে গত ২ এপ্রিল ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিনে আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।
বিজ্ঞাপন
তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতেও আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।








