শ্রীমঙ্গলে প্রস্তুত সমাবেশস্থল, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শুধু প্রধানমন্ত্রীর আগমনের।
বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) দুপুর ১টায় চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা ধরনের যানবাহনে করে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ দেখা গেছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও রোগীদের মধ্যে সহায়তার চেক বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচিতে অংশ নিতে তিনি সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়ছে। বর্ণিল পোশাকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও মাঠে উপস্থিত হয়েছেন। মাঠের একপাশে উপকারভোগীরা অপেক্ষা করছেন। অন্যদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীকে একনজর দেখার আগ্রহ লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
মুনজুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীকে দেখতে মৌলভীবাজার থেকে এসেছি। শুধু আমি নই, জেলার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এসেছে। এখন আমরা তার আগমনের অপেক্ষায় আছি।’
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।








